অ্যা জার্নি টু জন জে ।। কাজী জহিরুল ইসলাম ।। ম্যানহাটনকে আড়াআড়ি ক্রশ করে ছুটছি ইস্ট সাইড থেকে ওয়েস্ট সাইডে। লক্ষ জন জে কলেজ। হালকা তুষারপাত শুরু হয়েছে। দেখতে দেখতে ফুটপাত, দেয়ালের কার্নিশ শাদা হয়ে গেল। এক চিলতে শহর ম্যানহাটন। এই শহরে আমি কখনোই যানবাহনে চড়ি না। দালানের সারি আমার ভালো লাগে না, কংক্রিটের বস্তি মনে হয়, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে এই শহরের দালানগুলো আমার ভালো লাগে, এই শহরের মানুষগুলো ভালো লাগে। হাঁটতে হাঁটতে মানুষ দেখি, দালান দেখি, দোকান দেখি, বিভিন্ন মডেলের নতুন নতুন গাড়ি দেখি। এই শহরের প্রতিটি রাস্তায়ই উপচে পড়া মানুষের ভিড়, এবং আমি টের পাই, মানুষের ভিড়ই আমার সবচেয়ে ভালো লাগে। আমার কাছে মনে হয় মানুষের চেয়ে সুন্দর কিছু নেই, সেই মানুষ যেমন মানুষই হোক। নাক বোঁচা, চোখ ছোটো, চুল কম বা ন্যাড়া মাথা, বেটে কিংবা কালো, যেমনই হোক, সকল মানুষই সুন্দর। কত রঙের মানুষ, কত রকমের মানুষ, একেকটি মানুষ যেন একেকটি গল্প। আমি সেইসব গল্প কুড়িয়ে কুড়িয়ে আমার ঝুলিতে তুলে নেবার চেষ্টা করি। এই দুর্যোগের দিনে বেরুবো না ভেবে ফোন দিই রাজুকে। অধ্যাপক রাজু ভৌমিক। জন জে কলেজের ক্রিমিনোলোজি বিভাগে...