জর্জ ফ্লয়েড
|| কাজী জহিরুল ইসলাম ||
জর্জ ফ্লয়েড, তোমার মরদেহ কী উজ্জ্বল আর ভয়ঙ্কর!
হোয়াইট হাউজের সন্ত্রস্ত শ্বেত-ভল্লুক
নিজের অসহায়ত্ব থেকে পালাতেই
হুঙ্কার দিয়ে দিয়ে কেঁপে উঠছে রোজ-গার্ডেনে।
তোমার কৃষ্ণাঙ্গ মরদেহ এতো ঋজু, এতোটা উজ্জ্বল!
দেখো, বাংলাদেশের এক শিল্পী, যিনি
নিজের বুকের রক্তে একদা এঁকেছিলেন প্রাণের পতাকা,
আজ সেই রক্ত পৃথিবীর সকল চিত্রকলার প্রচ্ছদে
এঁকেছে তোমার স্পন্দনহীন দেহ
যা সহস্র প্রাণের চেয়েও জীবন্ত।
পঁচিশে মে ২০২০
ছেচল্লিশ গ্রীষ্মের সকল সবুজ বিবর্ণ মিনিয়াপোলিসের রাজপথে
শ্বেতাঙ্গ পুলিশ ডেরেক শভেন হাঁটু দিয়ে চেপে ধরে
পৃথিবীর কণ্ঠনালী সেই অপয়া বিকেলে
তোমার শেষ চিৎকার জর্জ, 'আমি নিঃশ্বাস নিতে পারছি না' ছড়িয়ে পড়ে
পৃথিবীর সকল মানুষের নিঃশ্বাসে।
জর্জ ফ্লয়েড, তোমার শেষ আর্তচিৎকারের প্রতিটি
গভীর কম্পন থেকে জেগে উঠেছে মন্টগোমারির মৃতেরা-
লুইস অ্যালেন, উইলি ব্রুস্টার, বেঞ্জামিন ব্রাউন,
মার্টিন লুথার কিং, ল্যামার স্মিথ; দেখো
সহসা সহস্র গ্রহ-উপগ্রহের মিছিল নিয়ে এইসব নক্ষত্রেরা
আবারও নেমে এসেছে উত্তপ্ত রাজপথে।
প্রতিটি মহান মৃত্যু যেমন নির্মাণ করে সভ্যতার নতুন অধ্যায়
তোমার সমাধিও মানবতার দ্যুতিময় এক উজ্জ্বল নক্ষত্র,
প্রতিদিন পৃথিবীর হৃদয়ে ছড়াবে আলো।
মৃত্যু নয়, মৃত্যু নয়, এ তো মৃত্যুঞ্জয় যাত্রা
প্রতিক্ষীত প্রিয়তমার তৃষ্ণার্ত ঠোঁটে দীর্ঘ চুম্বনের মতো এক মহান বিজয়।
হলিসউড, নিউইয়র্ক। ২ জুন ২০২০।

Comments
Post a Comment